রামপুর ইউনিয়নে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১১:২৭ এম
মাসুদ হোসেন : দেশব্যাপি চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের ছোট সুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ছবি তুলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে জন্ম নেওয়া ব্যক্তিদের তথ্য গত ১৩ সেপ্টেম্বর থেকে তালিকাভুক্ত করে ঐসব নতুন ভোটারদের ছবি তোলা ও তথ্য হালনাগাদের প্রথমদিন গতকাল ১২ নভেম্বর শনিবার ইউনিয়নের ১ থেকে ৬নং ওয়ার্ড পর্যন্ত এর কার্যক্রম সম্পন্ন হয়।
বাকী ৭ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম চলবে আজ ১৩ নভেম্বর রবিবার। চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ১ হাজার ৫৩৭ জন।
কার্যক্রমের প্রথম দিনে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল শিকদার এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের ১-৬টি ওয়ার্ড থেকে আগত ১ হাজার ১৮৩ জন ব্যক্তি ছবিসহ ভোটার তথ্য হালনাগাদ করেছেন। এর মধ্যে ৫৯৭ জন পুরুষ ও ৫৮৬ জন নারী।
ইউনিয়নের নতুন ভোটারদের ছবিসহ তথ্য হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য আবু সাঈদ বেপারী, মোঃ সেলিম মিজি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরু, ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল ইসলাম, উক্ত কার্যক্রমের পরিচালক মোঃ আব্দুল কাদিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ছবি তুলতে আসা নতুন ভোটারদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে নিয়োজিত আনসার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদেরকে খেয়াল রাখতে অনুরোধ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।








