শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৮০০ টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:১৩ পিএম
৮০০ টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন

পাওনা মাত্র ৮০০ টাকার আদায়ের জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে এক রিকশাচালককে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ। পরে তালা খুলে মুক্ত করা হয় সেই রিকশাচালককে।

আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় ভাঙারি ব্যবসায়ী মামুনের দোকানে এ ঘটনা ঘটে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গা ঢাকা দেন অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই ভুক্তভোগী রিকশাচালক রবিউলকে ওই দোকানের খুঁটিতে কুকুরের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় দেখে বিস্মিত হয় এলাকাবাসী।

Model Hospital

অনেকে মুঠোফোনে সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়।

ভুক্তভোগী রবিউল ইসলাম (৪০) নীলফামারীর বাসিন্দা। এক সময় মামুনের সঙ্গে ভাঙারি ব্যবসা করলেও বর্তমানে অটোরিকশা চালান।

রবিউল বলেন, আমি এক সময় ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। তখন থেকেই আমার সঙ্গে তার লেনদেন। এভাবে তিনি আমার কাছে ৮০০ টাকা পেতেন। অনিবার্য কারণে সময় মতো টাকা দিতে না পারায় আজ সকালে আমাকে হঠাৎ দোকানের সামনে পেয়ে মারধর করে মামুন। একপর্যায়ে কুকুরের পায়ে লাগানো শিকল পরিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

রবিউল আরও বলেন, ‘হঠাৎ দেখি পুলিশ আসল। পরে তারা আমাকে মুক্ত করে দেওয়ায় আমি বাড়িতে চলে যাই।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত মামুন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এ বিষয়ে বক্তব্য জানতে মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠো ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital