বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শহীদ পরিবারের সদস্যদের সাথে চাঁদপুর জেলা জামায়াতের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান

আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা কোনভাবেই মুছে ফেলা যাবে না: এটি এম মাসুম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:২৬ পিএম
আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা কোনভাবেই মুছে ফেলা যাবে না: এটি এম মাসুম

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চাঁদপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে চাঁদপুর জেলা জামায়াতের মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরে ১২ জনের শাহাদাত বরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (৬ নভেম্বর) সকালে রসুইঘর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম। তিনি বলেন, ছাত্র-জনতার অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বিজয় অর্জন করেছি। তাই এ দেশে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বাকশালীদের স্থান হবে না। কোন অপরাধী, জুলুমবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অপতৎপরতা সংগ্রামী ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। নতুন করে এদেশে স্বৈরাচারী, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি কেউ শুরু করলে তাদেরও শেখ হাসিনার ভাগ্যবরণ করতে হবে।

তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক আন্দোলনে স্বজন হারিয়েছেন, আমরা স্বজন ফিরিয়ে দিতে পারব না; পারব না স্বামী হারানো বিধবাদের স্বামী ফিরিয়ে দিতে। তবে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করব। ছাত্ররা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছেন জাস্টিস তথা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু জাস্টিস প্রতিষ্ঠার অদ্বিতীয় মাধ্যম হচ্ছে কোরআন-সুন্নাহর যথাযথ অনুসরণ। এ জন্য বাস্তব জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই।

Model Hospital

এটি এম মাসুম বলেন, দেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন করা গেলে এ দেশে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আগস্ট বিপ্লবের শহীদরা জাতীয় বীর। দেশ ও জাতির জন্য তাদের এই আত্মত্যাগের কথা কোনভাবেই মুছে ফেলা যাবে না। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য যথাযথ সম্মানের ব্যবস্থা করতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে তাদের অবদান ও বীরত্বগাঁথা। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এর কোন বিকল্প নেই। তাদের পরিবারকেও করতে হবে যথাযথা মূল্যায়ন। সকল ক্ষেত্রেই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে তারা আগামী দিনে দেশ ও জাতির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাড. মাসুদুর ইসলাম বুলবুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, চাঁদপুর জেলা আমীর’ (নির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমীর অ্যাড শাহজাহান খান, সদর আমীর নাছির উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক, জেলা সভাপতি মোহারম আলী।

প্রধান অতিথি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং পঙ্গুত্ববরণকারী আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি ১২ জন শাহাদাত বরণকারীদের পরিবারের প্রত্যেকের হাতে নগদ দুই লক্ষ টাকা করে মোট ২৪ লক্ষ টাকা নগদ অর্থ তুলে দেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।