বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘আল্লাহর ঘরে লুকিয়েও রক্ষা পেল না আমার ভাইয়েরা’

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৪২ পিএম
‘আল্লাহর ঘরে লুকিয়েও রক্ষা পেল না আমার ভাইয়েরা’

বালু ব্যবসাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের খোয়াজপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের বোন হাফিজা বেগম বলেন, ‘মাদারীপুরের খোয়াজপুরের কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করত আমার ভাই সাইফুল সরদার। আমাদের একই বংশের আরেক পক্ষ হোসেন সরদারও বালুর ব্যবসা করত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল।

এর জেরে আজ ১১টার দিকে আমাদের সরদার বাড়ির জামে মসজিদের সামনে আমার ভাই সাইফুল সরদারকে একা পেয়ে হামলা করে হোসেন সরদারের লোকজন। বিষয়টি জানতে পেরে আমার আরেক ভাই আতাউর সরদার ও অলিল সরদারসহ অন্যান্যরা ঘটনাস্থলে যায়।

Model Hospital

এ সময় হোসেন সরদারের লোকজন হামলা চালালে আমার তিন ভাই দৌড়ে পাশের মসজিদের ভেতর লুকায়। সেখান থেকে তাদের টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে প্রতিপক্ষের লোকেরা। এতে ঘটনাস্থলেই আমার আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় আমার চাচাতো ভাই পলাশ সরদারকে ঢাকা মেডিকেলে আনলে ডাক্তার জানায়, সে মারা গেছে।’

হাফিজা বেগম আহাজারি করে বলেন, ‘আল্লাহর ঘরে লুকিয়েও আমার ভাইরা রক্ষা পেল না। তাদের আল্লাহর ঘর মসজিদের ভেতর থেকে বের করে কুপিয়ে হত্যা করছে হোসেন সরদারের লোকজন। আল্লাহই তাদের বিচার করবেন। হোসেন সরদার ও শাজাহান খানের লোকজন আমাদের সব শেষ করে দিল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক পলাশ সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলের দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অলিল সরদার (২৮) ও তাজেল সরদার (২৫) নামে দুজনকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।