শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিতর্কিত ‘হোম ডেলিভারি’ দেওয়া মাদক ব্যবসায়ী তুষার গ্রেপ্তার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:১৭ এম
বিতর্কিত ‘হোম ডেলিভারি’ দেওয়া মাদক ব্যবসায়ী তুষার গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী তুষার আলি (২৮) শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কোমরপুর ক্লাবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

আটক তুষার কোমরপুর ক্লাবপাড়ার বাসিন্দা আজিজুল হকের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তুষার এলাকায় ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন। বিশেষ করে অনলাইন জুয়া বা ক্যাসিনোতে যুক্ত ধনীদের বাসায় হোম ডেলিভারির মাধ্যমে মাদক পৌঁছে দিতেন তিনি। গোপনে বিপুল সম্পদ গড়ে তোলা ও বিলাসবহুল জীবনযাপনের কারণে এলাকায় ‘অদৃশ্য কোটিপতি’ নামে পরিচিতি পান। দামি গাড়ি ও ঘরবাড়ি ব্যবহার করে দ্রুত নজরে আসেন তিনি।

তুষারের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু নিজেই মাদক ব্যবসায় জড়িত নন—তিনি এলাকার তরুণদেরও এই ব্যবসায় টানার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয়রা বলেন, কোমরপুর এখন কোটিপতিদের আড়ালে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে।

Model Hospital

একজন স্থানীয় শিক্ষক বলেন, “পুলিশ যদি অভিযান চালিয়ে যায়, তাহলে হয়তো এই এলাকার পুরোনো সুনাম আবার ফিরে আসবে।”

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “তুষার আলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital