পুলিশের পর এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি ঘিরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন।

স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে দলটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান।

ইউএনও জানান, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির বাম পাশে সাইড গ্লাস ফেটে গেছে। এ ছাড়া গাড়ির চালক হালিম আহত হয়েছেন।

এদিকে বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়ালের নেতৃত্বে সড়কে কাঠে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেখানে দেখা গেছে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান। হামলায় জড়িতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেননি তিনি। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জুলাই পদযাত্রা করার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে উত্তেজনার মধ্যে পুলিশ ও ইউএনওর গাড়িবহরে হামলার ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।








