বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাতিমগাছ তলার আড্ডা: চাঁদপুরের কবি-সাংবাদিকদের প্রাণকেন্দ্র

◼️ সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম
ছাতিমগাছ তলার আড্ডা: চাঁদপুরের কবি-সাংবাদিকদের প্রাণকেন্দ্র

চাঁদপুর শহরের মিশন রোডের রেলক্রসিং পার হলেই যে ছায়াঘেরা আড্ডাখানা চোখে পড়ে, সেটি এখন শহরের সংস্কৃতি অনুরাগী মানুষদের কাছে অতি পরিচিত “ছাতিমগাছ তলা”। বিশাল ছাতিমগাছটির সবুজ পাতার ছায়ায় প্রতিদিন ভরে ওঠে কবি, সাহিত্যিক, সাংবাদিক আর সৃষ্টিশীল মানুষের প্রাণের স্পন্দন।

ছাতিমগাছ তলার আড্ডা শুরু হয় বিকেলের পড়ন্ত আলোয়। তারপর গল্পের পর গল্পে ডুবে যায় সময়। রাত বাড়তে থাকে, কিন্তু থামে না চায়ের কাপে চুমুক আর টুংটাং শব্দের সুর। কখনো রাত ১২টাও পেরিয়ে যায় এই আড্ডা-বাজির নেশায়।

ছাতিমগাছ তলার জন্ম : জায়গাটি চাঁদপুরবাসীর কাছে আলাদা পরিচিতি পায় সম্ভবত ২০২৪ সালের জুন মাসে মাঝামাঝি সপ্তাহে, যখন কবি, গীতিকার, লেখক ও সাংবাদিক কবির মিজি এক বিকেলে এই স্থানটি খুঁজে নেন আড্ডার উপযুক্ত আস্তানা হিসেবে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প ক’দিনেই এটি হয়ে ওঠে চাঁদপুরের কবি-সাহিত্যিক ও সাংবাদিক সমাজের প্রাণকেন্দ্র।

এই আড্ডার কেন্দ্রবিন্দুতে থাকে কাদিরের চা দোকানের চায়ের গন্ধ আর কাপের টুংটাং শব্দ যেন আড্ডার অবিচ্ছেদ্য অংশ।

Model Hospital

ছাতিমতলায় জমে ওঠা আড্ডা কেবল গল্পগুজবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে আলোচনা হয় সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম, শিক্ষা, রাজনীতি, খেলাধুলা, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে। অনেক সময় এসব আড্ডা থেকেই জন্ম নেয় নতুন লেখা, নতুন গান কিংবা সাহসী রিপোর্টের পরিকল্পনা।

চাঁদপুরের প্রায় সব প্রজন্মের সংবাদকর্মী, কবি, সাহিত্যিক, লেখকরা এই জায়গাটিকে আপন করে নিয়েছেন। সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, শরিফুল ইসলাম, আশিক বিন রহিম, সালাম আজাদ জুয়েল, তালহা জুবায়ের, শাওন পাটোয়ারি, ইয়াসিন ইকরাম, আরিফুল ইসলাম শান্ত, লেখক এইচ এম জাকির হোসেন সহ সবাই কোনো না কোনো বিকেলে এসে বসেছেন এই ছায়াতলে।

ছাতিমতলা শুধু আড্ডার নয়, অনেক আনন্দঘন মুহূর্তেরও সাক্ষী। এখানে কাটা হয়েছে কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের জন্মদিনের কেক। ক’মাস আগেই এই ছাতিম তলায় উদযাপিত হয়েছিল কাদের পলাশ, কবির মিজি ও বোরহান উদ্দিন ডালিমের জন্মদিন। সেই সন্ধ্যা সাক্ষী থেকেছে কবিতা আবৃত্তি, গানের সুর আর বন্ধুত্বের উষ্ণতার।

এই ছাতিমগাছ যেন চাঁদপুরের সৃজনশীল মানুষের মাথার উপর নির্ভরতার প্রতীক। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে যেতে এখানকার আড্ডা হয়ে উঠেছে তাদের অবলম্বন। আমি নিজেও মাঝেমধ্যে হাজীগঞ্জ থেকে ছুটে যাই ছাতিমতলায়। সেখানে না গেলে তৃপ্ত হয় না মন।

ছাতিমগাছ তলা এখন চাঁদপুরের সাংস্কৃতিক ইতিহাসের অংশ হয়ে গেছে। প্রতিদিনের শেষে সেখানে জড়ো হয় কিছু স্বপ্নবান মানুষ। তাদের চায়ের কাপে ভাসে নতুন দিনের ভাবনা, নতুন গল্পের বীজ।

ছাতিমতলার আড্ডা শুধু একটি জায়গা নয়, এটি হয়ে উঠেছে মুক্তচিন্তার আসর, সৃষ্টির উর্বর ভূমি, বন্ধুত্বের ঠিকানা। চাঁদপুরের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের ইতিহাসে এই ছাতিমগাছের ছায়া অম্লান থাকবে বহুকাল।

◼️ সংবাদকর্মী ও সমাজকর্মী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।