বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওর রক্ষায় ইউএনও-এর ব্যতিক্রমী উদ্যোগ

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম
টাঙ্গুয়ার হাওর রক্ষায় ইউএনও-এর ব্যতিক্রমী উদ্যোগ
যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনভর জীববৈচিত্র্য সংরক্ষণে হাওরপাড়ে গ্রামজুড়ে মাইকিং করে চলছে ব্যাপক প্রচারণা। এর আগে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়। তন্মধ্যে- আসন্ন শীতকালে আগত পরিযায়ী পাখি শিকার বন্ধ করা, হাওরজুড়ে হাঁসের খামার, গরু-মহিষের অবাধ বিচরণ রোধ করা, অবৈধভাবে মাছ শিকার বন্ধসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ প্রসঙ্গে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সহসভাপতি দুলাল কান্তি পাল, কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকা সত্যি প্রশংসনীয়। তিনি যেভাবে হাওর রক্ষা করে আসছেন এমন হলে টাঙ্গুয়ার হাওরের পুরনো ঐতিহ্য অচিরে ফিরে আসবে।
নির্দেশনা জারি ও প্রচারণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক  বলেন, হাওর এলাকার মৎস্যসম্পদ রক্ষা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।