বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পশ্চিম ফতেপুরে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম
মতলব উত্তরে পশ্চিম ফতেপুরে জামায়াতে ইসলামী কর্মী সমাবেশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাড়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “১৯৭০ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল-আল-কুরআন ও সুন্নাহ ব্যতিরেকে এদেশে কোনো আইন প্রণয়ন হবে না। কিন্তু পরে প্রতিষ্ঠিত হলো সেকুলারিজম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরা গভীর রাতে বিশেষ প্রয়োজনে বাইরে গেলেও যেন নিরাপদে ঘরে ফিরতে পারে-এমন পরিবেশ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। দুঃশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে জনগণকে মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান ও উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এছাড়াও বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী আমীর এইচ. এম. রবিউল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, মতলব উত্তর যুব জামায়াতে ইসলামী সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মাহবুব সরকার ও সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন- পশ্চিম ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা সোলাইমান এবং সঞ্চালনা করেন রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানে পশ্চিম ফতেপুর ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।