বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫০০ টাকা বাজি ধরে ঠাণ্ডা পানিতে ১০০ ডুব, বাবুলের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম
৫০০ টাকা বাজি ধরে ঠাণ্ডা পানিতে ১০০ ডুব, বাবুলের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব দিয়ে ওঠার পর অসুস্থ হয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়ইয়া কাচারিবাড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে আসেন।

এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার একটি বাজির প্রেক্ষাপটে তিনি পাশের খালে নামার সিদ্ধান্ত নেন।

Model Hospital

প্রত্যক্ষদর্শীরা জানান, গামছা পরে খালে নেমে বাবুল মোল্লা বাজির শর্ত অনুযায়ী টানা ১০০ বার ডুব সম্পন্ন করে উঠে আসেন। কিন্তু খাল থেকে ওঠার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। সামান্য টাকার বাজিতে এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ও তার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।