মোবাইল জুয়ায় আসক্ত স্বামী, দুই সন্তান নিয়ে অনাহারে কাটছে গৃহবধূর দিন
চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল জুয়ায় আসক্ত স্বামীর অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন এক গৃহবধূ। জুয়ার টাকার জন্য নিয়মিত মারধর, ভরণপোষণ না দেওয়া এবং ঋণের দায়ে ঘরবাড়ি ছাড়া হওয়ার উপক্রম হওয়ায় প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শারমিন বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, এনায়েতপুর এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে শারমিন বেগমের সাথে ১৪ বছর আগে বিয়ে হয় একই এলাকার শরীফ হোসেনের। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শারমিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

শারমিন বেগম জানান, তার স্বামী শরীফ হোসেন একজন দক্ষ কাঠমিস্ত্রি হওয়া সত্ত্বেও কোনো কাজ করেন না। দিনরাত মোবাইল ফোনে জুয়া খেলায় মত্ত থাকেন। জুয়ার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়েছেন এবং সাধারণ মানুষের কাছ থেকেও বিপুল টাকা ধার করেছেন। পাওনাদারদের চাপের কারণে তারা এখন অনেকটা ঘরছাড়া। এমনকি গত দুই বছর ধরে বাসার ভাড়ার টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি।

কান্নাজড়িত কণ্ঠে শারমিন বলেন, “বিয়ের পর থেকে বাবার বাড়ির সহযোগিতায় কোনোমতে টিকে আছি। কিন্তু বাবা মারা যাওয়ার পর এখন আমি পুরোপুরি অসহায়। নিজের ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে মানুষের বাসায় কাজ করছি। দুই-তিন দিনে এক বেলা খেয়ে দিন পার করছি। বড় ছেলের মাদ্রাসার বেতন বকেয়া থাকায় তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।”

তিনি আরও অভিযোগ করেন, জুয়ার টাকার জন্য বাধা দিলে স্বামী তাকে অমানুষিক মারধর করেন। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। নিরুপায় হয়ে এখন সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ও নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এই নারী।





