শাহরাস্তিতে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের নবীন বরণ
সময়ের সঠিক ব্যবহার করে মেধা ও সম্ভাবনাকে কাজে লাগান : ইকবাল হোসেন ভূঁইয়া
শাহরাস্তিতে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ শাখার আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে ১৪২ নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক মো. ইকবাল হোসেন ভূঁইয়া। আইসিটি বিভাগের শিক্ষক মো. শাহ্ জামাল ও শিক্ষিকা সোনিয়া আক্তার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল হোসেন ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। নিয়মিত পড়াশোনা, পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পড়াশোনার প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করার সুযোগ থাকবে।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল কালাম বলেন, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ১৪২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। দীর্ঘ শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে তারা এখন উচ্চমাধ্যমিকের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিয়মিত ক্লাস, পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে ফলাফলের দিক থেকে ১২তম অবস্থান অর্জন করেছে। এ অর্জন ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
কলেজ পরিচালনায় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতার কথা উল্লেখ করে অধ্যক্ষ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের প্রতিও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেড়িয়ারা স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ বিএসসি,ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস হোসেন, সাবেক সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক বৃহত্তর সূচিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আবদুল মান্নান ষষ্ঠী, কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. তাফাজ্জল হোসেন মিয়াজি, সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা মো. রাসেল হোসেন, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।কলেজের সিনিয়র ধর্মীয় শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি আবু ইউসুফ খান, বাংলা বিভাগের প্রভাষক নার্গিস সুলতানা, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মামুনুর রশীদ, গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী, কলেজের শুভাকাঙ্ক্ষী ও সমাজসেবক নূরুল আলম সোহাগ ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক, নেশা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একে একে ১৪২ নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দেশাত্মবোধক দলীয় সংগীত পরিবেশন করলে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানোর পর দ্বাদশ শ্রেণিতে ভালো ফলাফল অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী এবং সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২ শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।








