বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময়
বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ ‘অফিসার অব দ্যা মান্থ (ডিসেম্বর ২০২৫ ইং) পুরস্কারে সদ্য নির্বাচিত হওয়া ইউএনও মো. মেহেদী হাসান মানিক বুধবার (১৪ জানুয়ারি) দিনভর হাওরপাড়ের বাগলী বাজার, মন্দিয়াতা হাটখোলা বাজার ও শ্রীপুর বাজারে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা সফল করতে সহযোগিতায় ছিল স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।
‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’- এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান এর পরিচালনায় বেলা ৩টায় বাগলী বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ জেলা শাখার ডেপুটি রেঞ্জ অফিসার রথীন্দ্র কিশোর রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর তাহিরপুর উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সহসভাপতি অখিল তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সুরুজ আলী।
অপরদিকে, মন্দিয়াতা হাটখোলা বাজারে বেলা চারটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। হাটখোলা বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল হক এর সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি মনির মিয়াসহ অতিথিবৃন্দ।
সন্ধ্যা ৬টায় শ্রীপুর বাজারে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। এসময় উপস্থিত ছিলেন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল, কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, সম্মানিত সদস্য মানিক পাল প্রমুখ।
উল্লেখ্য, সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। পাহাড়ি নদী যাদুকাটা, বিশ্ব ঐতিহ্যের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ জীববৈচিত্র্যের অফুরন্ত সম্ভার এই জনপদে। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ ধরা, বালু উত্তোলন, বন ও জলাভূমি দখল প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে বদলে যাচ্ছে চিত্র।
যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় একের পর এক অভিযান পরিচালনা করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলেও পড়েন। তাঁর পদক্ষেপে অবৈধ দখল ও অনিয়ম নিয়ন্ত্রণে এসেছে আর এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে।
অন্যদিকে, প্রতিবছর লাখো পাখির আগমন ঘটে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে। কিন্তু অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ ধরার কারণে হুমকির মুখে পড়েছিল এ হাওরের প্রাকৃতিক সম্পদ। ইউএনও মো. মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় বন্ধ হচ্ছে এসব অনিয়ম। জীববৈচিত্র্য রক্ষায় হাওরাঞ্চলে মাইকিং প্রচার ধীরে ধীরে ফিরছে জীববৈচিত্র্যের প্রাণচাঞ্চল্য।
অপরদিকে, তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীসহ সীমান্তের বিভিন্ন নদী ও পাহাড়ি ছড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের শিকার। এতে নদীর প্রবাহ ও স্থানীয় পরিবেশ বিপর্যস্ত হচ্ছিল। ইউএনও মানিকের কঠোর পদক্ষেপে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই চক্র। অতীতে দায়িত্বে থাকা অনেক কর্মকর্তাকে নিয়ে সমালোচনা থাকলেও ইউএনও মো. মেহেদী হাসান মানিক ভিন্ন এক সরকারি কর্মকর্তা।
‘তাহিরপুরের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ইউএনওর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রকৃতির সজীবতা ফিরে পাবে পুরো টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলা, আর এটি হবে জীববৈচিত্র্য সংরক্ষণের সফল উদাহরণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।