হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা বিভাগে পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ১–০ গোলে জয় পায় মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বালক বিভাগের ফাইনালে তারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। ওই ম্যাচে ১–০ গোলে জয়ী হয় গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আবদুল কাইয়ুম। সভাপতিত্ব করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আবু সাদেক।

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সমাজসেবক ও দানবীর নাজির আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রদল সভাপতি নেছার আহম্মদ চৌধুরী এবং প্যানেল চেয়ারম্যান নুরুন নাহার।

খেলা পরিচালনা করেন ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আহমদ কানছন ও মোজাম্মেল হক কাজল। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








