বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম
মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের সূচনায় পুরনো সব গ্লানি ভুলে আনন্দ-উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চলে বৈশাখী মেলা, দেশীয় মাছ দিয়ে পান্তা ভাত পরিবেশন এবং বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এ আয়োজন বাঙালির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলায় পরিণত হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার(১৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কেএম ইশমাম। বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নববর্ষ উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউএনও কেএম ইশমাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।