জানালার গ্রিল কেটে ঢুকতে গিয়ে আটকে পড়ল চোর
কুমিল্লা আদালত এলাকায় একটি বাসায় চুরি করতে গিয়ে জানালার গ্রিলে আটকে পড়েছে এক চোর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১১ মে) সকালে আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ব্যক্তি বাসাটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তবে একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায়। এতে সে না ভেতরে ঢুকতে পারছিল, না বাইরে বের হতে পারছিল।

পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়।

অভিনব এই চুরির চেষ্টার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে “অদ্ভুত” ও “হাস্যকর” বলে মন্তব্য করেছেন।








