শাহরাস্তিতে দুর্গাপূজায় ১৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তা জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব আয়োজনে পাশে থাকবে প্রশাসন : ইউএনও মনিরা খাতুন
মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ বঙ্গাব্দ শান্তিপূর্ণভাবে উদযাপনে চাঁদপুরের শাহরাস্তিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তব্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। শাহরাস্তিতে পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও আগত ভক্তদের যেকোনো অভিযোগ, অনুযোগ কিংবা সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠুভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, ফায়ার সার্ভিসের প্রস্তুতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। চলতি ডেঙ্গু মৌসুমে স্বাস্থ্যসচেতনতার সঙ্গে উৎসব পালনেরও আহ্বান জানানো হয়। পূজার দিনগুলোতে বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু নাছের শাকিল, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন। এ সময় উপজেলার ১৯টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত, ভক্তবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও নেতৃবৃন্দের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লায়ন প্রকৌশলী মমিনুল হক।
বৈঠকে এমপি মমিনুল হক বলেন, “আবহমানকাল থেকে এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপিত হয়ে আসছে।” এ ঐতিহ্য বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮টি এবং উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি পূজামণ্ডপ রয়েছে। উপজেলার পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে মেহের কালীবাড়ি, পালপাড়া, নিজমেহার দক্ষিণপাড়া, ছিখটিয়া ঠাকুরবাড়ি, ঘোষপাড়া, পুরোহিতবাড়ি, সাহাপুর চৌধুরীবাড়ি, নাওড়া ঠাকুরবাড়ি, কুলশী ঠাকুরবাড়ি, নাহারা ভৌমিকবাড়ি, জগবন্ধু সাধুর বাড়ি, পালবাড়ি, প্রসন্নপুর, খিতারপাড়, নুনিয়া দত্তবাড়ি, সূচীপাড়া মজুমদারবাড়ি, ছিখটিয়া কবিরাজবাড়ি ও বরুলিয়া পঁতিচো সর্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ।








