শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

তরুণদের টিকে থাকতে হলে এআই প্রযুক্তি আয়ত্ত করতে হবে : উপসচিব মাহবুব আলম

শাহরাস্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এআই বিষয়ক সেমিনার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৪৫ পিএম
শাহরাস্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এআই বিষয়ক সেমিনার
শাহরাস্তিতে তরুণদের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির গুরুত্ব তুলে ধরতে  এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট)শাহরাস্তি  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপসচিব মো. মাহবুব আলম।
তিনি বলেন, “বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে তরুণদের এআই প্রযুক্তি আয়ত্ত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে বৈশ্বিক কর্মসংস্থান ও শিল্পখাতে ব্যাপক পরিবর্তন আনবে। ফলে এর উপর দক্ষতা অর্জন করলে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কচুয়া উপজেলার আইসিটি অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাহরাস্তি উপজেলা আইসিটি অফিসার মো. শাহজান।
সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, “তরুণদের এআইভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ জরুরি।”
সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।