শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের নজরদারিতে জ্বালানি তেল বিক্রি, বাড়তি চাপ অকটেনে

মো. মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১২ পিএম
শাহরাস্তিতে প্রশাসনের নজরদারিতে জ্বালানি তেল বিক্রি, বাড়তি চাপ অকটেনে
শাহরাস্তি উপজেলায় জ্বালানি তেল মজুদ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অকটেনের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরবরাহের কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা (এসিল্যান্ড) এর নেতৃত্বে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকার হান্নান ফিলিং স্টেশন পরিদর্শন করে ডিজেল ও অকটেনের মজুদ যাচাই করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, চাহিদা অনুযায়ী ডিজেলের মজুদ স্বাভাবিক রয়েছে। তবে অকটেন সরবরাহ নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, গত ০১ এপ্রিল থেকে চার দিনে পর্যায়ক্রমে ৩০০০+৩০০০+৪৫০০ লিটারসহ মোট ১০,৫০০ লিটার অকটেন সরবরাহ পাওয়া গেলেও প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, মোটরসাইকেল প্রতি ৫০০ টাকা এবং প্রাইভেটকার প্রতি ১০০০ টাকার অকটেন সরবরাহ করা হচ্ছে। অথচ স্বাভাবিক সময়ে এ স্টেশনে দৈনিক অকটেন বিক্রি ছিল মাত্র ১৬০০ থেকে ২০০০ লিটার।
পরিদর্শনের সময় স্টেশন এলাকায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়। সকাল ১১টা থেকে বিক্রি শুরু হওয়ার পর বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩১০০ লিটার অকটেন বিক্রি হয় এবং আরও প্রায় ১৪০০ লিটার বিক্রি চলমান ছিল।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্যাগ অফিসার, শাহরাস্তি থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের একটি যৌথ টিম দায়িত্ব পালন করছে। একইসঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা আটক করা হচ্ছে।
এর আগে, গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলার হান্নান ফিলিং স্টেশন ও ওয়ারুক এলাকার কাজী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা পরিদর্শনে গিয়ে দেখেন, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় উভয় স্টেশনেই অকটেন সংকট দেখা দেয়। পরবর্তীতে সীমিত সরবরাহ পেলে তা রেশনিং পদ্ধতিতে বিতরণ করা হয়।
অভিযানকালে স্টক রেজিস্টার যাচাই করে জ্বালানি তেলের মজুদ সঠিক পাওয়া যায় এবং পাম্প মালিকদের সতর্ক করে বলা হয়—কোনো অবস্থাতেই জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না বা বিক্রি বন্ধ রাখা যাবে না।
এসিল্যান্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।