সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ইকরা মডেল একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভূতপূর্ণ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের এই সংবর্ধনা জানানো হয়। এরমধ্যে ক্লীন চাঁদপুর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিদ্যালয়ের সর্বোচ্চ ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়।

এছাড়াও জুলাই বিপ্লব উপলক্ষে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কারপ্রাপ্ত হন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি’র প্রতিনিধি সাব ইন্সপেক্টর মোঃ আব্দুর রশিদ। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং বিষয়ে সতর্কতা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ডেঙ্গু জ্বরসহ অন্যান্য মারাত্মক অসুস্থতা সম্পর্কে পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের দিকনির্দেশনায় এবং প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌকারা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান।

এর আগে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। সবশেষে ২০২৬ সালের ২য় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সাথে সাথেই তা সকল অভিভাবকের মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ পৌঁছে যায় এবং শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ব্যবস্থাপনায় সম্পাদন করা ট্রান্সক্রিপ তুলে দেওয়া হয়।






