বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৮:৫৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাৎপর্যপূর্ণ দিবসটির কর্মসূচির শুভসূচনা ঘটে।

সকাল ৮টায় অঙ্গীকার পাদদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ প্রশাসন ও শিক্ষক কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু স্মারক-স্তম্ভ’ ও স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন কলেজ পরিবার। এরপর সকাল ১০:০০টায় শিক্ষক পরিষদ মিলনায়তনে শুরু হয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ বিষয়ক আলোচনা সভা।

শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান। বাংলা বিভাগের প্রভাষক মোঃ রাকিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন। পবিত্র গীতা থেকে পাঠ করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক।

Model Hospital

আলোচনা সভায় রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাস, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী শাহ মোঃ মাছুম বিল্লাহ বক্তব্য রাখেন। সকল বক্তাই দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীরসেনানীকে। স্মরণ করেন জাতীয় চারনেতাসহ ৭৫-এর ১৫ আগস্ট বেগম মুজিবসহ সকল শহিদকে।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখছেন। মুজিব কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতির চাকা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আর তাঁর সুযোগ্য কন্যার হাত ধরেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দ্বারপ্রান্তে।’

সভাপতির বক্তব্যে শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতির কবি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।

তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তাগিদ দেন। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর বেশি দূরে নয়।’

বাদ যোহর কলেজ কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদসমূহে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।