বিয়েতে অস্বীকৃতি, প্রেমিকের গুলিতে নিহত তরুণী
ভারতের বিহারের রোহটাস জেলায় বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের গুলিতে নিহত হয়েছেন কাজল কুমারি নামের এক তরুণী। অভিযুক্ত প্রেমিক জ্যাকি নাট পরে নিজেও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, ভিন্ন জাত ও সামাজিক বাধার কারণে কাজল বিয়েতে অনাগ্রহী ছিলেন। কিন্তু জ্যাকি একাধিকবার তাকে বিয়ের জন্য চাপ দেন।

নিহতের মা গায়ত্রী দেবী জানান, তার মেয়ে একটি মলে চাকরি করতেন। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি মেয়েকে কর্মস্থলে পৌঁছে দেন। কিছুক্ষণ পরেই খবর পান, একটি হোটেল কক্ষে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথমে কাজলকে গুলি করেন জ্যাকি, এরপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় কাজলকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে বারানসিতে স্থানান্তরের পর মারা যান তিনি।

কাজলের মা আরও বলেন, জ্যাকি তার মেয়েকে প্রায়ই হুমকি দিয়ে বলত— “তুমি আমার না হলে আর কারও হতে পারবে না।”
অন্যদিকে জ্যাকির বাবা পরশ নাত অভিযোগ করেছেন, হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।








