বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খাল খননের ৪০ লাখ টাকা ফেরত, ইউএনওকে নিয়ে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম
শাহরাস্তিতে খাল খননের ৪০ লাখ টাকা ফেরত, ইউএনওকে নিয়ে প্রশংসার ঝড়

সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। দুটি প্রকল্পে অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার ৪০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে খদ্দের খাল ও নওড়া-মেহের গোদা খাল খননে মোট বরাদ্দ ছিল ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৭ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬০০ টাকা।

প্রকল্প দুটির আওতায় প্রাথমিকভাবে ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা থাকলেও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সুষ্ঠু পরিকল্পনা ও নিবিড় তদারকির মাধ্যমে প্রায় ২১ কিলোমিটার খাল খনন করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান, প্রযুক্তিনির্ভরভাবে কাজ করায় সময় ও ব্যয় দুটোই কমেছে। পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী নারী শ্রমিকদের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

Model Hospital

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও তদারকির কারণে বরাদ্দের মধ্যেই অতিরিক্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। অব্যবহৃত অর্থও যথাযথভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

এদিকে অর্থ সাশ্রয় ও প্রকল্প বাস্তবায়নের বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে প্রশংসিত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ গত ৮ আগস্ট ২০২৬ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা খাতুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সম্মানসূচক আমন্ত্রণ জানানো হয়।

স্থানীয়রা বলছেন, বরাদ্দের অর্থ সাশ্রয় করে অতিরিক্ত উন্নয়নকাজ এবং অব্যবহৃত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগ সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক উদাহরণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital