বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল অটোচালক সাদ্দামের
বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ঢাকার নবীনগরে ট্রাক চাপায় প্রাণ গেল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ব্যাটারি চালিত অটোরিক্সাচালক সাদ্দাম হোসেনের।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীররাতে ঢাকার আশুলিয়া-নবীনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় শামীম সরকার নামে অপর বন্ধু। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন (২২) মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের একমাত্র ছেলে। আহত শামীম সরকার পাশর্^বর্তী হরিদাসপাড়া এলাকার ফারুক সরকারের ছেলে। বর্তমানে শামীম কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার হরিদাসপাড়া গ্রামের মৃত শাহজাহান প্রধানের ছেলে তামিম হোসেন হাবিবের সাথে ঢাকার আশুলিয়া-নবীনগর এলাকায় বেড়াতে যান তার বন্ধু একই এলাকার ফারুক সরকারের ছেলে শামীম সরকার ও পাশর্^বর্তী পদুয়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন। নবীনগর মোড় এলাকায় রাত ২টার দিকে রাস্তা দিয়ে হাটার সময় পিছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায় তাদের।

এতে মারাত্মকভাবে আহত হয় সাদ্দাম ও শামীম সরকার। তবে ভাগ্যক্রমে অক্ষত থাকে তামিম। পরে তামিমসহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় সাদ্দাম হোসেন।
নিহত সাদ্দামের বন্ধু তামিম হোসেন হাবিব জানান, বুধবার রাত ৭ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঢাকার আশুলিয়া-নবীনগর এলাকায় আমার বোনের ভাড়া বাড়িতে বেড়াতে যাই সাদ্দাম ও শামীমসহ আমরা তিন বন্ধু। রাত আনুমানিক দুইটার দিকে কোন প্রকার গাড়ি না পেয়ে রাস্তা দিয়ে হাটছিলাম আমরা তিন বন্ধু। এসময় নবীনগর মোড় এলাকায় গেলে হঠাৎ করে পিছন থেকে একটি ট্রাক আমাদের চাপা দিয়ে চলে যায়। এতে সাদ্দাম ও শামীম গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজনসহ আমি তাদেরকে নবীনগর গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সাদ্দাম।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ বলেন, ঢাকার আশুলিয়া-নবীনগরে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণ থানার সাদ্দাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা আশুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পরবর্তীতে যদি কোন অভিযোগ পাওয়া যায় তবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








