শাহরাস্তিতে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম
শাহরাস্তি উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একার্যক্রম সম্পন্ন হয়।
ওইদিন দেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জনগণের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসুচী সম্পন্ন হয়।
এ সময় উপজেলার ৭ টি স্থানে মোট ৩১০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে ডাকাতিয়া নদীতে ১৬০ কেজি এবং উপজেলার ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১৫০ কেজি পোনা ছাড়া হয় উপজেলা কমপ্লেক্স চত্বর এর পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বক্তব্যে বলেন,মাছে-ভাতে বাঙালি” ঐতিহ্য ধরে রাখতে সরকার নিয়মিত প্রাকৃতিক জলাশয়ে পোনা অবমুক্ত করছে। এর ফলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের কর্মসংস্থান নিশ্চিত হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফের সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবির।
জানা যায়, ওইদিন বিভিন্ন জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়, যা উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে সরবরাহ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ জানান, এ উদ্যোগে আগামী দিনে স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারে মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট শাহরাস্তিতে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।








