শাহরাস্তিতে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
মো. মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:১৩ পিএম
শাহরাস্তিতে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে কৃষক স্মার্ট কার্ড (কেএসসি) প্রদানের লক্ষ্যে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) টামটা উত্তর ইউপির হোসেনপুর ব্লকে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। তিনি তার বক্তব্য বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে কৃষিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবাবান্ধব করতে কৃষক স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। তিনি তথ্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ ড. মো. সাজ্জাদুর রহমান। তিনি তার বক্তব্য বলেন , কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি হবে। ফলে সার, বীজ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সরকারি সুবিধা সঠিক কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তথ্য সংগ্রহের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য নিবন্ধন করবেন বলে তিনি জানান।উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় এতে ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ওই ইউপির চেয়ারম্যান ফারুক দর্জি, চিতোষী পশ্চিম ইউপির চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং টামটা উত্তর ইউপির বিএনপির সভাপতি শহীদুল্লাহ মিয়াজী,আয়েত আলী বেঙ্গল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মকবুল হোসেন, মোহাম্মদ আল আমিন, উপজেলার অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর ব্লকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। আগামী ১৬ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তথ্য সংগ্রহের সময় কৃষকের স্বশরীরে উপস্থিতি, মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর এবং একজন নমিনিকে তার মূল জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত রাখতে হবে। পাশাপাশি কৃষি-সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি অন্তত ১০টি গুরুত্বপূর্ণ কৃষিসেবা সহজে গ্রহণের সুযোগ পাবেন, যা কৃষি ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও ডিজিটালভিত্তিক করে তুলবে।








