মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাজের মূল্যায়ন না হলে পরের নির্বাচনে অন্যকে বেছে নিন : এম এ হান্নান এমপি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম
কাজের মূল্যায়ন না হলে পরের নির্বাচনে অন্যকে বেছে নিন : এম এ হান্নান এমপি

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

চাঁদপুরের ফরিদগঞ্জে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং ছাত্রজীবনে নিজেও কৃষিকাজ করেছেন। ইরি ধানের ক্ষেতে আগাছা পরিষ্কার, ধানের চারা রোপণ ও কোদাল দিয়ে জমি চাষের মতো কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকের কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং অনুভব করেন।
তিনি বলেন, গত দুই মৌসুমে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের সার, ট্রাক্টরসহ বিভিন্ন কৃষিযন্ত্র দেওয়া হয়েছে। তবে কিছু কৃষিযন্ত্র বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। বিক্রি হওয়া ট্রাক্টর উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের আরও কার্যকর তদারকির পাশাপাশি কৃষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিযন্ত্র অলস ফেলে না রেখে প্রয়োজনে অন্য কৃষকদেরও ব্যবহার করতে দেওয়া উচিত।
রাজনৈতিক প্রসঙ্গ তুলে এম এ হান্নান বলেন, ‘দলীয় পরিচয়ের বাইরে গিয়েও আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও আপনাদের সেই ভালোবাসা ও আস্থা অটুট থাকবে।’
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধিকে কাজ করার সুযোগ দিতে হবে। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ পরবর্তী নির্বাচনে অন্য কাউকে নির্বাচিত করবে। ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। গত ৫৫ বছরে কী কাজ হয়েছে এবং আগামী পাঁচ বছরে কী করা হবে, তার তথ্যভিত্তিক বিবরণ জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি দাবি করেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও তাঁর উদ্যোগ ও তদবিরে প্রায় ২০০ কিলোমিটার সড়ক পাকাকরণ হয়েছে। বর্তমানে আরও কয়েকটি উন্নয়নকাজ চলমান রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, উপজেলা অডিটোরিয়ামে সংসদ সদস্যের বরাদ্দ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”