বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা, ৪৫ কিশোরক আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এম
শাহরাস্তিতে রাতে ঘোরাফেরা, ৪৫ কিশোরক আটক
চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৫ কিশোরকে আটক করেছে শাহরাস্তি  থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক কিশোরদের রাতের বেলা ঘোরাফেরার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে বিষয়টি অবহিত করা হয়।
আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের আশ্বাসের পর তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের অযাচিত ঘোরাফেরার পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ থেকে কিশোরদের দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কিশোরদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিশোরদের সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।