মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১ মাস ধরে সেবা বন্ধ ১০৪ বছর ধরে চলা দুই টাকার চিকিৎসালয়

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:৫৪ এম
চাঁদপুরে ১ মাস ধরে সেবা বন্ধ ১০৪ বছর ধরে চলা দুই টাকার চিকিৎসালয়

ছবি সংগ্রহীত

মাত্র ২ টাকার টিকিটের বিনিময়ে অসহায় দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা এবং ওষুধ দিয়ে সারাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছিল চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত দাতব্য চিকিৎসালয়। সেই ব্রিটিশ শাসনামল থেকে ১০৪ বছর যাবত এই চিকিৎসা কেন্দ্রটি চালু রয়েছে। ৫ পয়সা থেকে শুরু করে বর্তমানে এই চিকিৎসালয়ের টিকেটের মূল্য ২ টাকা।

প্রতিষ্ঠানটির সেবা গ্রহণ করেছেন নদীবিধৌত পুরানবাজার এবং মেঘনার পশ্চিম তীরের চরাঞ্চলের দরিদ্র মানুষেরা। অথচ হঠাৎ করেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিষেধক টিকাদান কার্যক্রমের দোহাই দিয়ে প্রায় এক মাস বন্ধ রাখা হয়েছে প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবা কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রানা এবং সুপারভাইজার আষাঢ়ী নিজেদের ক্ষমতাবলে এখানকার ২ জন স্বাস্থ্য সহকারীকে (চিকিৎসক) এইচপিভি টিকাদান কর্মসূচিতে সরিয়ে নেন। তাদের একচেটিয়া সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যায় দাতব্য চিকিৎস্যালয়ের সেবা কার্যক্রম। যার ফলে শত শত অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে গিয়ে দেখা যায়, পৌর দাতব্য চিকিৎসালয়ের প্রধান ফটক খোলা থাকলেও ভেতরে চিকিৎসকের রুমে ঝুলছে তালা। সেখানে অপেক্ষমান চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন অসহায় রোগী।

Model Hospital

কথা হয় চিকিৎসালয়ের দায়িত্বে থাকা অফিস সহকারী বদিউল ইসলামের (বদু) সঙ্গে। তিনি বলেন, আমাদের অফিস খোলা আছে। তবে ডাক্তার স্যার জরায়ু ক্যান্সারের (এইচপিভি) টিকা কার্যক্রমে রয়েছেন। অন্যত্র দায়িত্ব পাওয়ায় তিনি এর ফাঁকেও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রোগী দেখে যান। আবার মাঝে মাঝে দুপুরের পরে এসেও রোগী দেখেন। তবে যে সময়টা রোগী বেশি হয় তখন তিনি (টিকার কাজে ব্যস্ত থাকায়) থাকতে পারছেন না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাবুল তালুকদার, আবুল কাশেম, আব্দুল মজিদ বলেন, আমরা বহু বছর ধরে এখানে ২ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিচ্ছি। এখানকার ডাক্তারও অনেক আন্তরিক এবং ভালো মানুষ। তবে গত প্রায় একমাস ধরে এখানে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করে দ্রুত হাসপাতালটি খুলে দেওয়া হোক।

স্থানীয় দুলাল খান বলেন, ১০৪ বছর ধরে এই হাসপাতালটি চালু রয়েছে। এখানে শুধু পুরানবাজারই নয়, পার্শ্ববর্তী চলাঞ্চলের মানুষরাও চিকিৎসা নিতে আসে। হঠাৎ করে প্রায় এক মাস ধরে হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে। গরিব মানুষেরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, দ্রুত হাসপাতালটি চালু করা হোক।

এ বিষয়ে পৌর দাতব্য চিকিৎসালয়ের স্বাস্থ্য সহকারী জিএম মোশাররফ হোসেন বলেন, আগে এখানে ৩ জন স্বাস্থ্য সহকারী ছিলাম। বর্তমানে ২ জন দায়িত্ব পালন করছি। গত ২৪ আগস্ট থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষ আমাদের সেখানে দায়িত্ব দিয়েছেন। অনেক রোগী আমাদের ফোন করেছেন। তারা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। আগামী ২৪ তারিখ এইচপিভি টিকাদান কার্যক্রম শেষ হবে। আশা করছি তখন থেকে আবার রোগীরা নিয়মিত সেবা পাবে।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এইচপিভি টিকাদান কার্যক্রমের কারণে এই সমস্যা হয়েছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে আমাদের কথা হয়েছে। অতি দ্রুত আগের মতো দাতব্য চিকিৎসালয়ের সেবা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

১৯২০ সালে বৃটিশ শাসনামলে পুরানবাজারের সাবেক ফায়ারসার্ভিস এলাকায় নির্মাণ করা হয় এ দাতব্য চিকিৎসালয়। বর্তমানে এই ভবনটির বয়স ১০৪ বছর। বিট্রিশ সরকার, পূর্ব পাকিস্তান সরকার এবং বর্তমানে বাংলাদেশ সরকার এই তিনটি রাষ্ট্রিয় শাসনামল ধরে এখানে অসহায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুর দিকে সেবা গ্রহীতাদের টিকিট মূল্য ছিল ৫ পয়সা। বর্তমানে চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত পৌর দাতব্য চিকিৎসালয়ের টিকিট মূল্য ২ টাকা।

সূত্র: জাগো নিউজ

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।