সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ৪১ কিশোর আটক, পরিবারের মুচলেকায় মুক্তি

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এম
ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ৪১ কিশোর আটক, পরিবারের মুচলেকায় মুক্তি

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক কিশোরদের অভিভাবকদের উপস্থিতিতে সতর্কবার্তা দিচ্ছেন থানা পুলিশ।

কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ একদল সঙ্গীয় পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডার স্থানগুলোতে অভিযান চালান। এ সময় সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাঘুরি ও আড্ডায় লিপ্ত থাকা ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। নিজ নিজ সন্তানদের সার্বক্ষণিক তদারকি করা এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না পাঠানোর লিখিত মুচলেকা নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
অভিযান ও সচেতনতা সৃষ্টির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, কিশোরদের যেকোনো অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দায়িত্বশীল করার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আটক কিশোরদের সতর্ক করে ওসি আরও বলেন, কিশোর বয়সে সন্ধ্যার পর তোমাদের পড়ার টেবিলে থাকার কথা, অথচ তোমরা বাইরে অযথা আড্ডা দিচ্ছ। ভবিষ্যতেও যদি সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসনের এমন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।