শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে গেল ৬ কিশোরী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:২৫ পিএম
রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে গেল ৬ কিশোরী

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ছয় কিশোরী পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য মোবাইল ফোনে রিলস বানানোর সময় পানিতে ডুবে মারা গেছে তারা।

আগ্রার সরকারি কর্মকর্তাদের মতে, ওই ছয় কিশোরী আশপাশের কৃষি জমিতে কাজ শেষে নদীর পাড়ে যায় এবং শরীর ঠাণ্ডা করার জন্য পানিতে নামে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রথম দিকে তারা নদীর ধারে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও করছিল। এরপর ধীরে ধীরে গভীর পানিতে চলে গেলে স্রোতের টানে ভেসে যায় তারা।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় চারজন ডুবে যায় এবং বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই কিশোরীও মারা যায়।

এর ফলে সেখানে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

Model Hospital

মৃত ৬জনই সেখানকার একটি গ্রামের বাসিন্দা। হঠাৎ এই মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই কিশোরীদের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘নদীর ধারে খেতে কাজ করছিল তারা।

প্রচণ্ড গরমের কারণে তারা পানিতে নামে। তাদের সঙ্গে এমন দুর্ঘটনা ঘটবে কল্পনাও করিনি।’’
এই সংবাদ ছড়িয়ে পড়তেই গ্রামে শোকের ছায়া নেমে আসে। আতঙ্কিত লোকজন নদীর পাড়ে ছুটে যান। পরে স্থানীয়রা এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়।
৬ কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্তে ছয়জনই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত সব পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১০ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-স্লোগানে অক্টোবর মাসকে ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই উপহার তুলে দেয় একাডেমির সদস্যরা। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষ প্রায় ১ হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি আরও জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে দিক নিদের্শনা মেনে নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়েছেন। তাদের মধ্যে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩ জন। সার্বিকভাবে সেরা হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পয়েন্ট সমান থাকায় যৌথভাবে একাডেমির বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটিকেও শ্রেষ্ঠ সারথি ঘোষণা করা হয়। জয়ন্তী ভৌমিক এর আগে টানা চারবার এ পুরস্কার অর্জন করেন।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়ে এসেছেন আমাদের সারথিরা। এতে প্রচুর কাঠখড় পোহাতে হয়েছে। এমন কঠিনতম কর্মসূচিতে যে যে সদস্য অধিক পরিমাণে শ্রম দিয়েছেন অর্থাৎ যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়।

Model Hospital

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে এই প্রতিষ্ঠান। এর আগে একটি ‘বই উপহার মেলা’ও করেছে। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এ আয়োজনের সহযোগিতায় ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।