শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

২ জনকে আইসিইউতে ভর্তি

মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন আহত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩, ৫:০৩ পিএম
মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন আহত

চাঁদপুরের মতলব দক্ষিণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার (২৩ মে) রাত নয়টার দিকে উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের তজিম উদ্দিন প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, কামরুল হোসেন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৩৮), মেয়ে ফাহিমা আক্তার (১৮), ফারিয়া আক্তার (১২) ও ছেলে জুনায়েদ হোসেন (৮)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় মঙ্গলবার রাতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে রহিমা বেগম ও ফারিয়া আক্তার আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের তজিম উদ্দিন প্রধানীয়া বাড়ির কামরুল হোসেনের স্ত্রী রহিমা বেগম রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে যায়। হঠাৎ করে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে কামরুল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার, ফারিয়া আক্তার ও শিশু সন্তাান জুনায়েদ হোসেনের শরীর ঝলসে গিয়ে গুরুতর দগ্ধ হন। পরে তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে কামরুল হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আহত কামরুল হোসেনের ভাতিজা মো. মেহেদী হাসান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আমার চাচি রহিমা বেগম ও চাচাতো বোন ফারিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে তাদেরকে।

Model Hospital

এদিকে কামরুল হোসেনের বসতঘরে আগুন লাগার খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।