শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ওসি আবদুর রশিদের প্রচেষ্টায় প্রতিবন্ধী মনির পেল ইজিবাইক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ৭:০৩ পিএম
চাঁদপুর সদর ওসি আবদুর রশিদের প্রচেষ্টায় প্রতিবন্ধী মনির পেল ইজিবাইক
সময়ে -অসময়ে নানান আলোচনা ও সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশিরভাগ আলোচিত হয়। পুলিশ যে জনগণের বন্ধু,আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারাও যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই, আমরা তা স্বীকার করতে নারাজ। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় বিদ্ধ করতে আমরা কুণ্ঠাবোধ করি না। তবে পুলিশ বিভাগে রয়েছে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর মতো হাজারো মানবিক পুলিশ অফিসার।
গুনরাজদি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। সে পেশায় ইজি বাইক চালক। ২৪ মার্চ পহেলা রমজান রাতে যাত্রী সেজে মনির হোসেনকে বঙ্গবন্ধু সড়কে নিয়ে তাকে অজ্ঞান করে ইজি বাইক চুরি করে নিয়ে যায় চোর চক্র। এরপর মনির হোসেন চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ইজি বাইকটি খুজেঁ বের করার জন্য জোরালো চেষ্টা চালায়। তবুও ইজিবাইকটি খুজে পাওয়া যায়নি। এদিকে ইজিবাইক হারিয়ে খুবই হতাশাগ্রস্থ আর সাংসারিকভাবে খুবই অভাবে পড়ে মনির হোসেন। সে মারাত্মকভাবে ভেঙ্গে পড়ে। বিষয়টি অনুধাবন করতে পেরে প্রতিবন্ধী মনির হোসেনের পাশে দাঁড়ায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও ওসি (তদন্ত) ওয়ালি উল্যাহ। এ দু’ পুলিশ কর্মকর্তা ইজি বাইক কেনার জন্য মনির হোসেনকে ১ লাখ টাকা প্রদান করেন।
অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের এমন দৃষ্টান্ত দেখে চাঁদপুরের সকল শ্রেণি-পেশার মানুষ প্রশংসা করেন। তিনি চাঁদপুরের মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। অধিকাংশ মানুষই তাকে গরীবের বন্ধু ভাবে। তার চোখে ধনী-গরীব, জেলে, রিক্সাচালক হতে সব শ্রেণীপেশার মানুষ সমান।
তার মতো দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গর্ব।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর সাথে কথা হলে তিনি বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো, প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথা গুলি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি চাঁদপুরবাসীর জন্য কাজ করব। তিনি দৃঢ়ভাবে বলেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার স্যারের দিকনির্দেশনায় নিজ কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন,ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।