বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসী ও সাধারণ মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৩ পিএম
ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসী ও সাধারণ মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

বিদেশ থেকে পরিবারের সঙ্গে কথা বলতে এখন আর কোনও প্রবাসী সরাসরি ফোন কল করেন না। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীরা কথা বলেন, মেসেজ আদান প্রদান করেন। এসব মোবাইল অ্যাপলিকেশনের মধ্যে ‘ইমো’ সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর ইমো ব্যবহারকারী প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসী ও তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

ইমো’ সবচেয়ে বেশি ব্যবহার করেন প্রবাসী ও তাদের পরিবার। তাই প্রতারক চক্রের টার্গেটও তারা। প্রবাসীরা তাদের পরিবার থেকে দূরে থাকেন, তাই পরিবার নিয়ে তাদের আবেগ অনুভূতিও বেশি। সে কারণে পরিবার কেন্দ্রিক যে কোনও ঘটনায় তারা যাচাই ছাড়াই সাড়া দেন। বিশ্বের এক প্রান্তে প্রবাসী আরেক প্রান্তে তার পরিবার। ফলে কোনও ঘটনা যাচাই-বাছাই করার আগেই প্রতারক চক্র তাদের প্রতারণা সেরে নিতে পারে।

রমিজ উদ্দিনের কাতার থাকেন। হঠাৎ একদিন আজিজুলের ইমো নম্বর থেকে রমিজ উদ্দিনের কাছে মেসেজ আসলো। আজিজুল লিখেছেন, তার একটু সাহায্য দরকার। ১২ হাজার টাকা ধার চাইলেন আজিজুল, দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে একটি বিকাশ নম্বর দিলেন। বিপদের কথা শুনে রমিজ উদ্দিন দ্রুত সেই নম্বরে ১২ হাজার টাকা পাঠালেন।

চাঁদপুর শহরের জামাল মিয়ার ইমো’তে মেসেজ আসলো। সেখানে কবির লিখেছেন, মা অসুস্থ, হাসপাতালে নিতে হবে, দ্রুত টাকা দরকার। একটা বিকাশ নম্বর দিয়ে ৩০ হাজার টাকা চাইলেন কবির। জামাল মিয়া দ্রুত ৩০ হাজার টাকা বিকাশ করলেন। এভাবে আরও কয়েকজন আত্মীয়ের ইমো’তে টাকা চেয়ে মেসেজ গিয়েছে। তাদের মধ্যে অনেকেই টাকা দিয়েছেন।

Model Hospital

এছাড়াও প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে ইমো প্রতারক চক্র। একটা সময় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এ চক্রের টার্গেট হলেও এখন ইউরোপ প্রবাসীদেরও টার্গেট করে প্রতারণা বাড়িয়েছে চক্রটি। প্রবাসীদের ব্যক্তিগত ইমো অ্যাকাউন্ট হ্যাক করে এবং আড়িপেতে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। অন্যদিকে প্রবাসের কষ্টার্জিত অর্থ খোয়াচ্ছে প্রবাসীরা। দেশের সাধারণ মানুষের অ্যাকাউন্টও হ্যাক করে প্রতিনিয়তই ঘটছে প্রতারণার ঘটনা।

একাধিক প্রবাসী জানান, প্রবাসীরা সাধারণত দেশের কারো কাছে টাকা চাইলে কেউ না করে না। এই সুযোগে প্রতারকরা ইমোতে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বার্তা পাঠিয়ে বিকাশ নাম্বার দিয়ে আর্থিক প্রতারণা করেই যাচ্ছে। তবে কোনো ভুক্তভোগী যদি অভিযোগ করেন তাহলেই কেবল এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অন্যথায় পুলিশ প্রশাসনের এসব তথ্য জানার সুযোগও থাকে না।

সাইবার সংশ্লিষ্টরা বলছেন, প্রতারক চক্রের সদস্যরা ইন্টারেনেটের মাধ্যমে দেশে থাকা প্রবাসীর পরিবার ও প্রবাসীদের নম্বর সংগ্রহ করে একটি বিশেষ কোড বা পাসওয়ার্ড পাঠিয়ে প্রতারণার কৌশল নেয়। এরপর সেই ইমো আইডি হ্যাক করে। প্রতারকরা বেশিরভাগ সময়ই দূতাবাসের কর্মকর্তা পরিচয়ে কল দেয় প্রবাসীদের কাছে এবং দেশে পরিবারের কাছের বন্ধু সেজে মেসেজ পাঠায়। ইমো অ্যাকাউন্টটি তাদের নিয়ন্ত্রণে চলে গেলেই সাধারণত ওই অ্যাকাউন্টধারীর আত্মীয়-স্বজনের কাছে কল করে বা ম্যাসেজ পাঠিয়ে বিপদে থাকার কথা বলে টাকা ধার চায়। কিন্তু একটু সচেতন হলেই এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

সন্দেহ হলেই বিদেশে থাকা প্রকৃত ব্যক্তির সঙ্গে ইমো ছাড়া অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে হবে। দেশের কোনো ইমোর মাধ্যমেও যদি এমন মেসেজ আসে তাহলেও অন্য কোনো উপায়ে প্রকৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে এবং প্রতারণা থেকেও রক্ষা পাওয়া যাবে। এছাড়া কেউ কল দিলে বা মেসেজের মাধ্যমে কোনো লিংক পাঠালে লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরাও।

এদিকে দেশে মাঝে মধ্যে দু-একজনকে গ্রেপ্তার করা গেলেও বিদেশের প্রতারকরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।