বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র-চেয়ারম্যানরা আত্মগোপনে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৮:৩৭ পিএম
ফরিদগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র-চেয়ারম্যানরা আত্মগোপনে
ছাত্র দের বৈষম্য আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। আওয়ামী লীগপন্থি উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানদের বেশির ভাগই এখন আত্মগোপনে। অনেকের মোবাইল ফোনও বন্ধ। ফলে উন্নয়নমূলক কাজ, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। তবে কেউ কেউ কর্মস্থলে না এসেও অজ্ঞাত স্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থবিরতা নিরসনে স্থানীয় সরকার বিভাগ থেকে  অনুপস্থিতদের তালিকা করা হচ্ছে বলে জানা গেছে।
উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদ আছে। এসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকাংশই আওয়ামী লীগপন্থি। সরকার পতনের পর হামলার আশঙ্কায় তারা এলাকা ছাড়েন। ইতোমধ্যে কয়েকটি পরিষদ, চেয়ারম্যানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারসহ পরিষদের অন্য সদস্যরা গোপনে রয়েছেন। এদিকে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও আওয়ামী লীগপন্থি প্যানেল মেয়র ও কাউন্সিলররা উধাও। মাঠে আছেন বিএনপিপন্থি ২ কাউন্সিলর। পৌরসভা সংশ্লিষ্টরা জানান, পৌরসভার কার্যক্রম অনেকটা স্থবির। উপকার ভোগীরা ভোগান্তির শিকার হচ্ছে।
এদিকে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে বালিথুবা পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া দক্ষিণ, গোবিন্দপুর উত্তর  গোবিন্দপুর দক্ষিণ, চরদুঃখিয়া পূর্ব, ফরিদগঞ্জ দক্ষিণ, রুপসা উত্তর ও রুপসা দক্ষিণ ইউনিয়নের মোট ৯ জন চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। সরকার পতনের পর তারাও আত্মগোপনে। কারও কারও বাসায়, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাংচুর চালানো হয়। হামলার ঘটনার দুইদিন পর থেকেই প্রতিনিয়ত অফিস করছেন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ।
তিনি বলেন, আমি সর্বদাই দল মত নির্বিশেষে সকল পাশে ছিলাম। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুইদিন পর থেকেই প্রতিনিয়ত অফিস করছি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে কাজ করছি।
এছাড়া গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়, রুপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি ও রুপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা।
এদিকে মুঠোফোনে কয়েকজন ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পরিষদে আসবেন এবং প্রতিনিয়ত মানুষের সেবায় কাজ করবেন।
এ বিষয়ে জানতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান জানান, স্থানীয় চেয়ারম্যান ও পৌর মেয়র কেন নিজ নিজ পরিষদে যাচ্ছেন না, তা আমার জানা নেই। আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। জনসাধারণের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্যা নিরসনে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।