বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৪৯ পিএম
ফরিদগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
দলিলের তফসিল সম্বলিত পাতা পরিবর্তন করে খারিজ জালিয়াতির অভিযোগ উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলা সাব-রেজিস্টার অফিসের আব্দুল করিম পাটওয়ারী নামে এক দলিল লেখকের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট কোর্টে মামলা (সিআর মামলা নং- ৪৯৩/২৪ ) দায়ের করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম ।
এদিকে ঘটনার বিষয়ে দলিল লেখকের বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের উপর চড়াও হন এবং একজন সাংবাদিকের মুঠো ফোন ছিনিয়ে নেন।
জানা গেছে, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালী মৌজার বাসিন্দা নুরুল ইসলাম। গত ২০২৩ সালের ১৭ জানুয়ারী তিনি তার ছেলে হাসান ইসলামকে সংশ্লিষ্ট মৌজার বিএস ৩২০৬ দাগে ৬ শতক এবং ৩২২৭ দাগে ৫ শতক ৩০ পয়েন্ট অর্থাৎ মোট ১১ শতক ৩০ পয়েন্ট জায়গা হেবা (দলিল নং ৫৯৫) ঘোষনা করে দেন। যার দলিল লেখক ছিলেন আব্দুল করিম পাটওয়ারী (সনদ নং-৮৯)।

এরপর একই বছরের ১৬ জুলাই দলিল গ্রহিতা হাসান ইসলামের পক্ষে সহকারি কমিশনার (ভুমি) বরাবর জমি খারিজের আবেদন করেন আব্দুল করিম পাটওয়ারী। কিন্তু আব্দুল করিম পাটওয়ারী জালিয়াতি করে আবেদনে ৩২০৬ এবং ৩২২৭ দাগের পরিবর্তে ৩৬৬৩ দাগেই ১১ শতক ৩০ পয়েন্ট জায়গা খারিজের আবেদন করেন। এ সময় তিনি দলিলের সার্টিফাইড কপির তফসিল সংক্রান্ত পাতা কক১৭৫০৭৮৩ এর পরবর্তে অবৈধভাবে ড১৬৫১২৭৩৫ পাতাটি সংযুক্ত করেন এবং তাতে তফসিল পরিবর্তন করে দেন। এমনকি তিনি খারিজ আবেদনের ৪টি স্থানে নিজের মুঠো ফোন নাম্বার জুড়ে দেন। পরিবর্তিত তফসিল অনুসারেই খারিজও করিয়ে নেন। খারিজ নং ১৯৫ এবং খারিজ মামলা নং ৩৮৪(ওঢ-ও)/২০২৩-২৪।
ভুক্তভোগী নুরুল ইসলাম জমির খাজনা দিতে গিয়ে জালিয়াতির বিষয়টি টের পান। পরে যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ শেষে চলতি বছরের ১১ আগস্ট ছেলে হাসান ইসলাম ও দলিল লেখক আব্দুল করিমকে বিবাদী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চাঁদপুরে মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, আমার দলিলটির লেখক ছিলেন আব্দুল করিম। খারিজটিও তার মাধ্যমেই হয়েছে। সে দলিলের সার্টিফাইড কপির পাতা পরিবর্তন করে তফসিল পরিবর্তন করেছে। আবার দলিলের পরিবর্তিত পাতায় আমার স্বাক্ষরও বসিয়েছে। আমি আমার ছেলে এবং তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আমি তার উপযুক্ত শাস্তি এবং তার সনদ বাতিলের দাবী করছি।
নুরুল ইসলামের ছেলে হাসান ইসলাম জানান, আমি জমি খারিজের জন্য দলিল লেখক আব্দুল করিমকে দায়িত্ব দিয়েছি। তিনিই সকল কাজ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা শতশত মানুষের খারিজ করি। হাসান ইসলাম কাগজপত্র সব সংগ্রহ করে খারিজের জন্য আমাকে দিয়েছেন। আমি খারিজ করে দিয়েছি।

এদিকে দলিল লেখকের বক্তব্য নেয়ার সময় তিনি হঠাৎ করেই সাংবাদিকদের উপর চড়াও হন। এসময় তিনি এক সংবাদিকের মুঠো ফোন ছিনিয়ে নেয়।
এব্যাপারে  উপজেলা সাব রেজিস্টার ও দলিল লেখক সমিতির বরাবর তার বিরুদ্ধে সাংবাদিকরা লিখিত অভিযোগ দিয়েছে।

Model Hospital
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা সাব রেজিস্টার মো: আরিফ হোসেন জানান, রেকর্ড অনুসারে দলিলে কোন অনিয়ম নেই। যা হয়েছে তার দায় দায়িত্ব দলিল লেখক ও দলিল গ্রহিতার। সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।